দুই দফা দাবি আদায়ে পঞ্চগড়ে শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি-বেতন ভাতা তিনগুণ অথবা জাতীয় পে-স্কেলে অন্তর্ভূক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখা।
সোমবার দুপুরে পঞ্চগড় প্রধান ডাকঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে হাজির হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ সম্পাদক তাহেরুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে আমরা পোস্ট মাস্টার পদে ৪ হাজার ৪৬০ টাকা, পোস্টম্যান পদে ৪ হাজার ৩৫৪ টাকা এবং রানার পদে ৪ হাজার ১৭৭ টাকা করে বেতন ভাতা পাচ্ছি। বর্তমান বাজার অনুযায়ী যা হাস্যকর বটে। আমাদের দাবি সরকার আমাদের বেতন ভাতা কমপক্ষে তিনগুণ করুক। নয়তো আমাদের পে স্কেলে অন্তর্ভূক্ত করে আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দেয়া হোক। আমার বেঁচে থাকার এই দাবি আদায়ে আমরা মাঠেই থাকব। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে তারা হুশিয়ারি দেন। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































